ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও: নান্দাইলে দুই ভাই-বোনের করুণ মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইলে পুকুরে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই ভাই-বোন। উপজেলার চর বেতাগৈর ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো—চরলক্ষ্মীণদিয়া বালুচর গ্রামের মো. শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৮) ও ছেলে মাহমুদুল হাসান (৫)। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই ভাই-বোন বাড়ির পাশে বাবার বেগুন ক্ষেত দেখতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত মাহমুদুল হাসান পুকুরের পানিতে পড়ে যায়।
ছোট ভাইকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাঁতার না থাকায় শেষ পর্যন্ত দুজনেই পানির নিচে তলিয়ে যায়। সাথে থাকা অন্য শিশুরা বিষয়টি দেখে বাড়িতে খবর দিলে স্বজনরা এসে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।
দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা মঞ্জিলা বেগম। আহাজারি করতে করতে তিনি বলেন, ওরা বাবার বেগুন ক্ষেতে গিয়েছিল। এভাবে যে চলে যাবে, তা কখনো ভাবিনি। আল্লাহ আমার দুটি সন্তানকেই কেড়ে নিলেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, শিশুদের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত পুকুরে যান এবং দুই ভাই-বোনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, বিষয়টি আগে জানা ছিল না, তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
১০৫ বার পড়া হয়েছে