কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ সহায়তাকারী একজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক রয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের এক ৪ বছরের শিশু তার নানির বাড়িতে থাকে। তার মা জীবিকার প্রয়োজনে ঢাকায় পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। বুধবার দুপুরে বাড়ির বাইরে খেলা করার সময় প্রতিবেশী আলা মৃধা শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্ত শহিদুল মুন্সীর ঘরে নিয়ে যায়।
সে সময় ঘর ফাঁকা থাকার সুযোগে শহিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় এবং আলা মৃধা ঘরের বাইরে পাহারা দেয়। আক্রান্ত শিশুটির চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তী সময়ে ঘটনাটি স্থানীয় প্রভাবশালী মহলে মীমাংসার চেষ্টা করা হয় এবং অভিযুক্ত শহিদুলকে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে সহযোগী আলা মৃধা।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর নানি বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টায় সহায়তার অভিযোগে আলা মৃধাকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার মূল অভিযুক্ত শহিদুল মুন্সীকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১২১ বার পড়া হয়েছে