শহীদ আবু সাইদ জুলাই বিপ্লবের রুহানী নেতৃত্ব : নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক শহীদ আবু সাইদকে আন্দোলনের শহীদদের ইমাম এবং রুহানী নেতৃত্ব হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রংপুরে শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত শেষে তিনি বিএনপিকে গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের নিজ বাড়ির আঙিনায় তাঁর কবর জিয়ারত ও মোনাজাত করেন এনসিপি নেতৃবৃন্দ। মোনাজাত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। তাঁর এই আত্মত্যাগই ছিল জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থান ও বিপ্লবের মূল চালিকাশক্তি।
শহীদ আবু সাইদ হত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, মামলার রায় হলেও তা এখনো কার্যকর করা হয়নি এবং আসামিদের আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নিয়মানুযায়ী ৬০ দিনের মধ্যে শুনানির কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা থমকে আছে। একই সাথে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরেরও তাগিদ দেন তিনি।
রাজনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির কড়া সমালোচনা করে এনসিপি প্রধান বলেন, বৈষম্য দূরীকরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে মানুষ আন্দোলন করেছে। গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি জনগণের ম্যান্ডেটের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তারা দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি সংস্কার প্রক্রিয়া নিয়ে বেইমানি করলে জাতীয় নাগরিক পার্টি আবারও রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
এর আগে এনসিপি আহ্বায়ক দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সান্ত্বনা প্রদান করেন।
১১৬ বার পড়া হয়েছে