ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ময়মনসিংহে শ্রদ্ধাভরে পালিত হয়েছে সরকার ঘোষিত জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে বাইপাসস্থ জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্বপ্ন ও চেতনা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে জেলা পরিষদের একটি প্রতিনিধি দল শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও মাহবুবুল আলম। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান এবং শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেলসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, চব্বিশের জুলাই শুধু বিজয়ের গল্প নয়, এটি একই সঙ্গে গভীর বেদনার ও স্বজন হারানোর গল্প। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এ দেশের ছাত্র-জনতা যে অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের এই মহান ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।
তিনি আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে না। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমানের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে।
এদিন জেলা পরিষদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাইফুর রহমান, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার কামরুল ইসলাম এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকারের পক্ষ থেকেও স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নিয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১১৭ বার পড়া হয়েছে