অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছি: আফরোজা খানম রিতা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও বিমান খাতের আধুনিকায়নে নানা প্রতিশ্রুতি দেন।
মানিকগঞ্জ কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। হিন্দু-মুসলিম নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছরে মানিকগঞ্জে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য মানসম্মত উপাসনালয় কিংবা শেষকৃত্যের শ্মশানঘাট পর্যন্ত গড়ে ওঠেনি। এই ঘাটতি পূরণে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির ও আধুনিক শ্মশানঘাট নির্মাণের ঘোষণা দেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন খাতের আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে পর্যটন মন্ত্রী উল্লেখ করেন, প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বিমান টিকিটের মূল্য হ্রাস করা এবং দেশের বিমানবন্দরগুলোতে সব ধরনের হয়রানি বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হারানো ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ কালীবাড়ী মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
১১৮ বার পড়া হয়েছে