আর্জেন্টিনার জয় উদ্যাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আর্জেন্টিনার জয় উদ্যাপনের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনা শহরে একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী (২৩)। পরে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনারসংলগ্ন একটি ভবনের ছাদে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় বন্ধুদের সঙ্গে উপভোগ করেন দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দমিছিল বের হলে সেটির ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে তিনি শহীদ মিনার মোড়ের একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন।
এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দীপ্ত চৌধুরীর মামা ও সংস্কৃতিকর্মী পল্লব চক্রবর্তী জানান, আনন্দমিছিলের দৃশ্য ধারণের জন্য তিনি ভবনের ছাদে উঠেছিলেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় দীপ্তকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে