কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশ কর্মকর্তা একই মঞ্চে!
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিদের একজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি পুলিশের এক কর্মকর্তার সঙ্গে একই মঞ্চে তাঁকে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে হামলার শিকার হন বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম। একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পরদিন আহতের ছেলে মাহাফুজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। এই মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেচুর রহমানকে দ্বিতীয় আসামি করা হয়।
সম্প্রতি জুনিয়ারদহ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মামলার অন্যতম আসামি মকলেচুর রহমান। একই মঞ্চে তাঁর পাশেই বসে থাকতে দেখা যায় স্থানীয় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আব্দুস সালাম জানান, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাঁর পাশে কে বসেছিলেন তা তিনি চিনতেন না। এদিকে আসামি মকলেচুর রহমান দাবি করেছেন যে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আসামিরা জামিনে আছেন এমন কোনো আইনি কাগজপত্র বা তথ্য পুলিশের কাছে নেই এবং তাঁরা পুলিশের খাতায় এখনো পলাতক রয়েছেন।
১১৭ বার পড়া হয়েছে