খুলনায় নবাগত জেলা সমবায় কর্মকর্তার সাথে এলএমবি নেতৃবৃন্দের মতবিনিময়
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় নবাগত জেলা সমবায় কর্মকর্তার সাথে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের (এলএমবি) পরিচালনা পর্ষদের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় কার্যালয়ে আয়োজিত এই সভায় সমবায় খাতের উন্নয়ন ও ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে খুলনা জেলা সমবায় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার নবাগত জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এস এম ফরিদ রানার নেতৃত্বে ব্যাংকের একটি প্রতিনিধি দল নবাগত জেলা সমবায় কর্মকর্তার সাথে সমবায় খাতের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার এস এম মোদাচ্ছের আলী, ব্যবস্থাপনা কমিটির পরিচালক তরফদার বাদশা মিয়া, মোঃ শরিফুল ইসলাম ও প্রশান্ত কুমার সরকার। এ ছাড়া সরকারের মনোনীত প্রতিনিধি মোঃ আবু সাইদ, শেখ মিরাজ উজ জামান, সাবেক পরিচালক মোহাম্মদ হীরা এবং ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সমবায় কর্মকর্তা জেলার সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে ব্যাংকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
১২৯ বার পড়া হয়েছে