চাঁপাইনবাবগঞ্জের টোল ও হাসপাতাল ইস্যুতে সাবেক এমপি পাপিয়ার পোস্ট ভাইরাল
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালের উন্নয়ন এবং মহানন্দা সেতুর টোল আদায় নিয়ে ফেসবুকে দুটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তাঁর এই পোস্টগুলোকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ভার্চুয়াল বাকযুদ্ধ শুরু হয়েছে।
হাসপাতাল সংক্রান্ত পোস্টে সাবেক এই সংসদ সদস্য দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আধুনিকায়ন, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং সার্বিক সেবার মানোন্নয়নের সিংহভাগ কাজ সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের মেয়াদকালেই সম্পন্ন হয়েছিল। এই উন্নয়ন নিয়ে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি না করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং রেফার প্রথা কমানোর দাবি তোলেন তিনি।
অন্যদিকে মহানন্দা সেতুর টোল আদায় প্রসঙ্গে পাপিয়া তাঁর দ্বিতীয় পোস্টে স্পষ্ট করেন যে, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে রাজস্ব আদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাস্তবায়ন যোগ্যতা বিবেচনা না করে সস্তা রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া নারায়ণপুর ইউনিয়নে সম্প্রতি চালু হওয়া 'নৌ-অ্যাম্বুলেন্স' নিয়েও কঠোর সমালোচনা করেন এই বিএনপি নেত্রী। একটি সাধারণ ইঞ্জিনচালিত নৌকাকে অ্যাম্বুলেন্স হিসেবে চালিয়ে দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলে আখ্যা দেন তিনি।
এদিকে পাপিয়ার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াত সমর্থকেরা এক পক্ষ অপর পক্ষের সমালোচনায় মেতে উঠেছেন। যদিও পাপিয়ার দাবি, এগুলো সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত।
১৪৫ বার পড়া হয়েছে