জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা বিআরডিবির যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরডিবি কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সমবায়ী সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এই সভায় জেলার সার্বিক উন্নয়ন ও সমবায় কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, জেলা বিআরডিবির উপ-পরিচালক কাউসার আলী, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার সেরা দুইজন সফল সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সমবায়ের বিকল্প নেই বলে সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন।
১২১ বার পড়া হয়েছে