জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপরও তারা গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১২৯ বার পড়া হয়েছে