গোপালগঞ্জে গাছ চাপায় আশ্রমের সেবায়েতের মর্মান্তিক মৃত্যু
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ চাপায় অসীম (২৭) নামের এক আশ্রম সেবায়েতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের একটি আশ্রমে গাছ সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ও আশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অসীম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার ‘শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে’ সেবায়েত হিসেবে কাজ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আশ্রম প্রাঙ্গণে গাছ কাটার কাজ চলছিল। এ সময় কেটে ফেলা একটি বিশাল গাছের গুঁড়ি চারজন মিলে কাঁধে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। গুঁড়িটি মাটিতে ফেলার সময় অসাবধানতাবশত সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসীম সময়মতো সরতে পারেননি।
এতে গাছের ভারী গুঁড়িটি সরাসরি তার ওপর পড়ে এবং তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়েন। পরে আশ্রমের অন্য সেবায়েত ও স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে