রাজশাহীর পবায় অনুমোদনহীন ২ বেকারিকে বিএসটিআইয়ের জরিমানা
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা এবং অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, নওহাটা এলাকায় অবস্থিত তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারী বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি করছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
১১৬ বার পড়া হয়েছে