মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ আল-আমিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি বিশেষ টিম তাকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুন বিকেলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল লৌহজং থানাধীন পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় অবস্থান নেয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল পশ্চিম গোয়ালীমান্দ্রা গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আল-আমিন নামের ওই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ২৫ বছর বয়সী আল-আমিনের মূল বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাটুকদা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৫ বার পড়া হয়েছে