১১ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ১১ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী, বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করাই নিরাপদ।
১১৯ বার পড়া হয়েছে