সলঙ্গায় পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার; আহত ১
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাত সুরুজের বাড়ি রংপুর জেলায় বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন ধোপাকান্দি এলাকায় একটি সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া করে পুলিশ। এ সময় ডাকাতরা পালানোর উদ্দেশ্যে সলঙ্গা থানার ওসির গাড়িকে বেপরোয়াভাবে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা কনস্টেবল রুহুল আমিন ছিটকে পড়ে গুরুতর জখম হন।
ধাক্কা দেওয়ার পর ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে সুরুজ নামের এক ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। আহত কনস্টেবল রুহুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযান শেষে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি মিনি পিকআপ ভ্যান জব্দ করেছে। এছাড়া তাদের কাছ থেকে তালা কাটার গ্রিল কাটার, ধারালো চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড ও ইটের টুকরাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, আটক সুরুজ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২২ বার পড়া হয়েছে