মোংলা বন্দরে এল ভারত থেকে চাল আমদানির শেষ চালান
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত থেকে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক টন চালের শেষ চালানটি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। ভিয়েতনামের পতাকাবাহী একটি বিশেষ জাহাজে করে আসা এই চালের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাস প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি এই চাল আমদানির ফলে দেশের অভ্যন্তরীণ খাদ্য মজুত আরও শক্তিশালী হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালানে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনামিজ পতাকাবাহী জাহাজ 'এমভি পু থান-৩৬' গত শুক্রবার রাতে বন্দরে নোঙর করে। শনিবার সকালে চালের গুণগত মান নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, আন্তর্জাতিক খোলা দরপত্রের আওতায় ভারতের সঙ্গে এই চাল আমদানির চুক্তি হয়েছিল। চুক্তিকৃত মোট ৫০ হাজার মেট্রিক টন চাল মোট ১০টি জাহাজে করে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এই চাল খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে পাঠানো হচ্ছে।
চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী আমদানিকৃত চালের ৪০ শতাংশ মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২০ জানুয়ারি চালের প্রথম চালানটি মোংলা বন্দরে এসে পৌঁছেছিল।
১৩৮ বার পড়া হয়েছে