মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চালু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা নদীতে দীর্ঘদিনের ফেরি সংকট ও যাতায়াত দুর্ভোগের অবসান ঘটিয়ে এবার চালু হয়েছে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দুইটি ফেরি সার্ভিস। নতুন এ ব্যবস্থায় মোংলা বন্দর, ইপিজেডসহ আশপাশের এলাকার শ্রমজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।
২০০৩ সালে মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু হলেও তা জোয়ার–ভাটার ওপর নির্ভরশীল থাকায় নির্দিষ্ট সময়েই কেবল চলাচল করত। ফলে দিনের বড় একটি অংশ ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে ভোগান্তি তৈরি হয়।
এ পরিস্থিতি বিবেচনায় এখন থেকে মোংলা নদীতে দুইটি ফেরি ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘাটে ভাড়ার চার্ট রেট প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
নতুন এ ২৪ ঘণ্টা ফেরি চালুর ফলে জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন আরও সহজ হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল এলাকার মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফেরি সার্ভিসটি অর্থনৈতিকভাবে আরও কার্যকর হয়ে উঠবে।
অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৪১ বার পড়া হয়েছে