কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সৈকত (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার একটি বিশেষ দল রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মস্তফার ছেলে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের কেনাবেচা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
১৪৪ বার পড়া হয়েছে