পঞ্চগড় হাসপাতালে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে ও সব ধরনের দালাল-সিন্ডিকেট নির্মূল করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হাসপাতালের সেবাকার্যক্রম ব্যাহত করে সিন্ডিকেট গড়ে তোলে, তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। পঞ্চগড়ের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়কের কার্যালয় এই সভার আয়োজন করে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় অংশীজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। হাসপাতালের মান নিয়ন্ত্রণে রাখতে যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আমার বার্তা একদম পরিষ্কার, হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
সভায় দেশের সার্বিক চিকিৎসাসেবার অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে দেশজুড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে পঞ্চগড় সদর হাসপাতালসহ দেশের অন্যান্য চিকিৎসাকেন্দ্রে আর চিকিৎসক বা জনবল সংকট থাকবে না। এখন থেকে গ্রামীণ ও সাধারণ মানুষ নির্বিঘ্নে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা সভায় অংশ নেন।
১২৮ বার পড়া হয়েছে