টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ডোবা থেকে উদ্ধার
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ হোসেন আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে তিনি চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে সেখান থেকে চলে যান। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা পর্যন্ত আসিফের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানান এবং তাঁর সন্ধানে খোঁজ শুরু করেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় কয়েকজন গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবায় পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, মরদেহটি নিখোঁজ শিক্ষার্থী আসিফের।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসিফ গতকাল থেকে নিখোঁজ ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে