ময়মনসিংহে রাব্বি হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মাসকান্দায় চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার দ্বিতীয় আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শহরের মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এই আসামি।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকার একটি কম্পিউটার দোকানে রাব্বিকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে খালেক, সাব্বির ও তাদের সহযোগীরা।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ছায়াতদন্ত ও আসামি গ্রেফতারে অভিযানে নামে র্যাবের একটি বিশেষ দল।
অভিযানের প্রথম ধাপে বৃহস্পতিবার রাতেই মামলার প্রধান আসামি খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান সহযোগী সাব্বিরকে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১২১ বার পড়া হয়েছে