চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জেলা ফল মেলা-২০২৬। বুধবার সকালে জেলা শিল্পকলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার নার্সারি মালিক ও ফল চাষিরা তাদের উৎপাদিত দেশি-বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করেন। স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, লটকন, ড্রাগন ফলসহ পুষ্টিগুণসমৃদ্ধ ও বিলুপ্তপ্রায় দেশীয় ফলের বৈচিত্র্যময় প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণ করে।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে এ অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে বিষমুক্ত ফল চাষ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বছরব্যাপী ফলের চাহিদা পূরণ এবং পুষ্টি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ ও সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং ফলদ বৃক্ষরোপণে সাধারণ মানুষের আগ্রহ বাড়াবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, অতিরিক্ত উপপরিচালক (খামার বাড়ি) দেবাশীষ সাহা, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ।
১২৩ বার পড়া হয়েছে