ঠাকুরগাঁওয়ে সরকারি প্রণোদনার আমন বীজ ও সার বিতরণ শুরু
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বছর জেলার ২২ হাজার কৃষক এই বিশেষ প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার সুবিধা পাচ্ছেন, যা স্থানীয় ও জাতীয় খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের চত্বরে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম রনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে সদর উপজেলার পৌরসভাসহ ২২টি ইউনিয়নের মোট ৭ হাজার কৃষক এই প্রণোদনা পাবেন। প্রতি কৃষককে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এই উপজেলায় মোট ৯৩৬ হেক্টর জমির জন্য ৩৫ মেট্রিক টন বীজ এবং ৭০ মেট্রিক টন করে ডিএপি ও এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির জানান, পুরো ঠাকুরগাঁও জেলাজুড়ে মোট ২২ হাজার কৃষক ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষের জন্য এই প্রণোদনার সুবিধা ভোগ করবেন। এ লক্ষ্যে জেলাজুড়ে মোট ১১০ মেট্রিক টন বীজ এবং ২২০ মেট্রিক টন করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে জেলায় অতিরিক্ত ১০ হাজার ৬২০ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ, যা জাতীয় খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখবে।
১১৫ বার পড়া হয়েছে