মুন্সীগঞ্জে ডিবি পুলিশের জোড়া অভিযান, ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
শনিবার, ২০ জুন, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুন সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের এসআই মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মুন্সীগঞ্জ থানাধীন ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানকার দাউন্না পুকুরের পশ্চিম পাড়ে জনৈক রাজা মিয়ার বসত ঘরের সামনে থেকে মো. সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এর ঠিক ১০ মিনিট পর, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর একটি অভিযানে নামে ডিবি পুলিশ। এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের আরেকটি দল দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক গোলজারের বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—যোগিনীঘাট এলাকার মো. সাগর (৩৬), দক্ষিণ ইসলামপুরের মো. মাসুদ (৪৬) ও মো. হারুনুর রশিদ (৪১) এবং উত্তর ইসলামপুরের ফরহাদ (২৬)। এ সময় তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১০২ পিস ইয়াবাসহ পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে