জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে বিএসএফের ‘পুশইন’ অভিযোগ
সোমবার, ১৫ জুন, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে প্রায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
রোববার সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় এক বৃদ্ধ তাঁদের কাছে এসে পানি ও খাবার চান।
তিনি নিজেকে ভারতের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ওই বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। এক পাশে অবস্থান নেয় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা, অন্য পাশে ছিল বিএসএফ সদস্যরা। পরে বিজিবির হস্তক্ষেপে ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১১৯ বার পড়া হয়েছে