শিশুশ্রম নির্মূলে মুন্সীগঞ্জে সনাকের আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই—শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুশ্রম নির্মূলে শিক্ষা, সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের আয়োজনে আজ ১৪ জুন ২০২৬ দুপুর ১২টায় মুন্সীগঞ্জ কলেজের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। তিনি এ লক্ষ্য অর্জনে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. জাহাঙ্গীর হাসান। তিনি দারিদ্র্য ও শিক্ষাবঞ্চনাকে শিশুশ্রমে যুক্ত হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এবং এ সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সনাক মুন্সীগঞ্জের সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আমিন, হোসনে আরা আক্তার, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের আহ্বায়ক মোঃ মুশফিকুর সালেহীন সিহাব, শিক্ষার্থী সানজানা প্রমুখ তাদের বক্তব্যে শিশুশ্রম বন্ধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় টিআইবি ও সনাকের পক্ষ থেকে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রম নিষিদ্ধ করা, স্থানীয় সরকারের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং শ্রম আইন, ২০০৬-এর কঠোর প্রয়োগের সুপারিশ করা হয়।
ইয়েস সদস্য নুপূর রানী দাস, আতিকা আকবর ও শারমিন আক্তার জয়া বাংলাদেশে ঝুঁকিপূর্ণ অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রমের বাস্তবতা তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় সনাক, ইয়েস গ্রুপ, এসিজি সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
১৫১ বার পড়া হয়েছে