জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন থেকে শিশুশ্রম বন্ধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি শামীম খান। এতে বক্তব্য দেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সনাক সদস্য রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী এবং জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সস্তা শ্রমের কারণে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা হয়। বিশেষ করে কলকারখানা, ওয়ার্কশপ, রেস্টুরেন্ট এবং গৃহস্থালির বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। এসব কাজে যুক্ত হয়ে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তাঁরা আরও বলেন, শিশুশ্রম শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ থেকে বঞ্চিত করে। তাই শিশুশ্রম বন্ধে আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং প্রাপ্তবয়স্কদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে শিশুশ্রমকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন এবং শিশুশ্রম নির্মূলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
১২২ বার পড়া হয়েছে