ব্রাজিল-মরক্কো ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনা শুরু হচ্ছে আজ
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফুটবলপ্রেমী বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে বাড়তি উন্মাদনা। যদিও টুর্নামেন্ট শুরু হয়েছে ১১ জুন, অনেক সমর্থকের কাছে বিশ্বকাপের প্রকৃত উত্তেজনা শুরু হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার মাঠে নামার মধ্য দিয়ে।
সেই ধারাবাহিকতায় আজ শনিবার দিনগত রাত ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ শক্তিশালী আফ্রিকান দল মরক্কো।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া মরক্কোও এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালের প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত বিশ্বকাপে ১১৪ ম্যাচ খেলে ৭৪টিতে জয় পেয়েছে সেলেসাওরা এবং জিতেছে রেকর্ড পাঁচটি শিরোপা।
তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছে দলটি। যুক্তরাষ্ট্রের মাটিতে ১৯৯৪ সালে শিরোপা জয়ের স্মৃতি ব্রাজিল সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে।
গত বছর জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে কিছুটা কঠিন সময় পার করলেও শেষ পর্যন্ত সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করে ব্রাজিল। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে তারা পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়া, পানামা ও মিশরের বিপক্ষে টানা জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিল বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে দারুণ সফল। আফ্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে খেলা আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তারা।
অন্যদিকে মরক্কো সপ্তমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি এবারও সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৩৩ জয়, ১০ ড্র এবং মাত্র ২ হারে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে মরক্কো। ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা দলটি বর্তমানে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দলের চেয়েও এগিয়ে।
দীর্ঘদিনের কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের বিদায়ের পর দায়িত্ব নেন মোহাম্মদ ওয়াহবি। তার অধীনে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র পেয়েছে মরক্কো, যা দলের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ২০২৩ সালের মার্চে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছিল মরক্কো। ফলে বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের জন্য সহজ কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
গ্রুপ পর্বে শুভ সূচনা এবং নকআউট পর্বের পথে এগিয়ে যেতে উভয় দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফুটবলপ্রেমীদের নজর এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকে।
১৪৮ বার পড়া হয়েছে