বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু মেক্সিকোর; এশিয়ার প্রথম জয় দক্ষিণ কোরিয়ার
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু জয়ই নয়, নতুন একটি রেকর্ডও গড়েছে স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখানো হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের ৯ মিনিটে জুলিয়ান কিনিওনেস গোল করে দলকে এগিয়ে নেন। এটি ২০০৬ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে দ্রুততম গোল হিসেবে নথিভুক্ত হয়েছে।
দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা দুইবার লাল কার্ডের ধাক্কা খায়। ৫০ মিনিটে স্ফেফেলো সিথোলে এবং ৮৪ মিনিটে থেম্বা জেওয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। অন্যদিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর সেজার মন্তেসও লাল কার্ড পান।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগে কখনও তিনটি লাল কার্ড দেখা যায়নি। ফলে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচই নতুন এক রেকর্ডের সাক্ষী হয়ে থাকল। এছাড়া ২০০৬ বিশ্বকাপের নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচের পর এই প্রথম কোনো দল বিশ্বকাপের এক ম্যাচে দুটি লাল কার্ড দেখল।
এই জয়ের মাধ্যমে আরেকটি আক্ষেপও ঘুচিয়েছে মেক্সিকো। এর আগে সাতবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেও জয় পায়নি দলটি। অষ্টম চেষ্টায় এসে সেই অপেক্ষার অবসান হলো।
অন্যদিকে বিশ্বকাপে এশিয়ার প্রথম জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়ানরা।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে লাদিস্লাভ ক্রেইচির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া।
৬৭ মিনিটে হোয়াং ইন-বম সমতা ফেরান। এরপর ৮০ মিনিটে ওহ হিউয়ান-গিউর গোল কোরিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে এশিয়ার প্রতিনিধিরা।
দক্ষিণ কোরিয়ার হয়ে তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে ১৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আর ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।
১৫৯ বার পড়া হয়েছে