সর্বশেষ

খেলা

শুরুতেই দাপট, তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে মেক্সিকোর জয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিল অন্যতম স্বাগতিক মেক্সিকো। রাজধানীর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে জাভিয়ের আগুইরের শিষ্যরা। তবে ম্যাচের চেয়ে কম আলোচিত হয়নি তিনটি লাল কার্ডের ঘটনা, যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। বলের দখল ও আক্রমণ তৈরিতে প্রতিপক্ষের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ম্যাচজুড়ে ১৬টি শট নেয় মেক্সিকো, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মাত্র তিনটি শট নিতে সক্ষম হয়।

পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন রাউল জিমিনেস। ইসরায়েল রেয়েসের বাড়ানো বল থেকে নেওয়া তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। তবে চার মিনিট পর আর রক্ষা হয়নি আফ্রিকান দলটির।

নবম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের প্রথম গোলের দেখা পান জুলিয়ান কুইনোনেস। মিডফিল্ডার সিথোলের ভুলে বল হারানোর পর সুযোগ পেয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপান ২৯ বছর বয়সী এই উইঙ্গার।

গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে মেক্সিকো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ৪৯তম মিনিটে গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিথোল। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ক্রমেই চাপে পড়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

এরই ধারাবাহিকতায় ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমিনেস। রবার্তো আলভারাদোর নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত করে দেন তিনি।

ম্যাচের শেষ ভাগে নাটকীয়তা আরও বাড়ে। নির্ধারিত সময়ের আট মিনিট আগে ভিএআর পর্যালোচনার পর দক্ষিণ আফ্রিকার থেম্বা জাওয়ানেকে লাল কার্ড দেখান রেফারি। আর যোগ করা সময়ে খুলিসো মুদাউকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্তেস।

তিন লাল কার্ডে রঙিন হওয়া উত্তেজনাপূর্ণ এই উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল মেক্সিকো। অন্যদিকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন