বাংলাদেশ–অস্ট্রেলিয়া ওয়ানডে: তানজিদের ফিফটি, লিটনের বিদায়ে চাপে টাইগাররা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেতে দারুণ শুরু পেলেও মাঝপথে গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটি এবং নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো অবস্থানে পৌঁছেছিল বাংলাদেশ।
ম্যাচের ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। নাজমুল হোসেন শান্ত ৬৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়, যার সংগ্রহ ৪ রান।
এর আগে আগের ওভারেই জীবন পাওয়া লিটন কুমার দাস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাথিউ রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। বলটি উঁচু হয়ে গেলে বোলার নিজেই সহজ ক্যাচ নিয়ে লিটনের ইনিংসের ইতি টানেন। ৯ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৪১ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে এটি তার চতুর্থ অর্ধশতক। পরে নাথান এলিসের স্লোয়ার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৪৪ বলে ৫৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।
তানজিদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তও ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ৫৭ বলে ফিফটি স্পর্শ করা শান্তর ওয়ানডে ক্যারিয়ারের এটি ১২তম অর্ধশতক।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিস। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
এই ম্যাচে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টের পর এটি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জস ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
১৩১ বার পড়া হয়েছে