কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অবৈধ ‘পুশইন’ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা
সোমবার, ৮ জুন, ২০২৬ ১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত থেকে সাম্প্রতিক সময়ে অবৈধভাবে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
এর প্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্তসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
রোববার (৮ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে এসব ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক গতিবিধি দেখা গেলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে