সিরাজগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে মারধর ও লুটপাট
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় এক কাপড় ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। পরকীয়া প্রেমিক ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিম পাড়ার তাঁত কাপড় ব্যবসায়ী হাসমতুল্লাহ প্রামাণিকের সাথে দীর্ঘ ২৩ বছর আগে বিয়ে হয় আয়েশা খাতুনের। তাদের সংসারে প্রাপ্তবয়স্ক সন্তানও রয়েছে। তবে গত ৫-৬ বছর ধরে বেলকুচির আজগড়া গ্রামের কোরবান আলী নামের এক ব্যক্তির সাথে আয়েশা খাতুনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এই অনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে হাসমতুল্লাহর পরিবারে চরম অশান্তি চলছিল। ইতিপূর্বেও এই সম্পর্কের প্রতিবাদ করায় পরকীয়া প্রেমিকের হাতে হামলার শিকার হয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতে কোরবান আলী ও তার ২৫-৩০ জন সহযোগী অতর্কিতভাবে হাসমতুল্লাহর বাড়িতে হামলা চালায়।
হামলায় হাসমতুল্লাহকে বেদম মারধর করার পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে, হামলাকারীরা আলমারির লকার ভেঙে প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পরে বাড়ির কর্মচারীরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে অভিযুক্ত কোরবান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত অবগত নয়। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬৬ বার পড়া হয়েছে