রাষ্ট্রপতির পদত্যাগ রাজনৈতিক ইস্যু নয়: ফেনীতে পরিবেশমন্ত্রী
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে দেশের টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক তিনটি ক্ষেত্রের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তাঁর ভাষ্য, অতীতে সম্পদের মূল ভিত্তি ছিল ভূমি ও অর্থ, তবে বর্তমান বিশ্বে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোকে তিনি ব্যবসায়িক নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন। তাঁর মতে, ব্যবসার পরিধি সম্প্রসারণ না হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বন্যা ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, ফেনী ও নোয়াখালীর কয়েকটি উপজেলাকে এ সমস্যা থেকে রক্ষায় কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক আবদুল খালেক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
এ সময় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মনিরা হক।
১১৬ বার পড়া হয়েছে