মায়ের মৃত্যুসংবাদে বাড়ির পথে রওনা, পথেই সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু
সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে স্বামী-সন্তানসহ গ্রামের বাড়ির পথে রওনা হয়েছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হলো আরেক শোকগাঁথায়। ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি—মায়ের লাশে পৌঁছানোর আগেই নিজেই হয়ে যান লাশ।
রোববার ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী কন্যা।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী। পরিবারটি গাজীপুরে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর রেশমা স্বামী ও সন্তানকে নিয়ে গাজীপুর থেকে প্রথমে বাসে ফরিদপুরে আসেন। পরে সেখান থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন।
যাত্রাপথে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি প্রাচীরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে রেশমা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে, তাকে আটক করার চেষ্টা চলছে।
১৪৭ বার পড়া হয়েছে