রামপালে গরুর পঁচা মাংস বিক্রি: ২ জনকে কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা
রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের রামপাল উপজেলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ফয়লা বাজারে পরিচালিত এক অভিযানে এই দণ্ডাদেশ দেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)।
অভিযান চলাকালে ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার, স্থানীয় ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রতিবেদনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
১৩৮ বার পড়া হয়েছে