বিসিবি নির্বাচন : সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম, আজই হতে পারেন নতুন সভাপতি
রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অধিকাংশ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের মধ্যে বেশিরভাগ পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও ক্লাব ক্যাটাগরি এবং কয়েকটি বিভাগীয় পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭৬ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ এবং সাকিফ আহমেদ।
অন্যদিকে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ এ ১০টি পরিচালকের পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলনা ও বরিশাল বিভাগে।
বরিশাল বিভাগের একটি পদে মুন্তাসির আলমকে পরাজিত করে পরিচালক নির্বাচিত হয়েছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে দুইটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হন।
এদিকে, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর আজ পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ক্রিকেট অঙ্গনে জোরালোভাবে আলোচনা চলছে যে, সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালই হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।
ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী, শফিকুল আলম, শান্তনু ইসলাম, মীর শাকরুল আলম, মির্জা ফয়সল আমীন, আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মিজানুর রহমান।
ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালক হলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
১৪২ বার পড়া হয়েছে