ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক! মৌলভীবাজারে দুধ দিয়ে গোসল
শনিবার, ৬ জুন, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেখা গেছে ব্যতিক্রমী এক ঘটনা।
দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক থাকার পর এবার আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন এক ফুটবলভক্ত। নতুন সমর্থককে স্বাগত জানাতে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেন আর্জেন্টিনা সমর্থকরা।
শনিবার (৬ জুন) রাজনগরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হন স্থানীয়রা। আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের উদ্যোগে বিশ্বকাপ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আর্জেন্টিনার নতুন সমর্থক ইমরান খান জানান, দীর্ঘদিন ধরে তিনি ব্রাজিল দলের সমর্থন করে আসছিলেন। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকেই তিনি ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সকালে কেক কেটে আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন ভক্ত-সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব।
পরে আর্জেন্টিনা সমর্থকরা বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। দলের সাফল্য কামনায় বিভিন্ন আয়োজনের পাশাপাশি এবার একজন ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনা শিবিরে যোগ দেওয়ার ঘটনাটি বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও নানা আয়োজন শুরু হয়েছে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কোন দল শিরোপা জিতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে।
১৬২ বার পড়া হয়েছে