কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধস, দুই শ্রমিক নিহত
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে দরিয়ানগর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন বাঁশখালী চাম্বলী এলাকার মো. ইলিয়াছ (২৩) ও রাকিব (১৯)। আহত শ্রমিক শাহজাহানকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্ট নির্মাণের কাজ শুরু করেন। কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজন হলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণকাজের সময় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
১৫২ বার পড়া হয়েছে