মির্জা ফখরুল:
জোর করে ক্ষমতায় থাকা যায় না, জনগণের আস্থা অর্জন করতে হয়
বুধবার, ৩ জুন, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পতিত সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। ধমকিয়ে বা পিটিয়ে ক্ষমতায় থাকা কখনোই সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের আস্থা অর্জন করতে হয় এবং ভালো কাজের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হয়।
বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি সহনশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন করবে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তবে এবার জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে বলে তিনি দাবি করেন।
বিএনপি নেতা দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি দুর্বল হয়েছে এবং বিভিন্ন আর্থিক সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, “দেশকে এসব পরিস্থিতি থেকে বের করে আনা সহজ কাজ নয়, তবে বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেলায় উন্নয়নের অংশ হিসেবে রুহিয়া ও ভূলীকে উপজেলা ঘোষণা, মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সড়ক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬২ বার পড়া হয়েছে