সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-১ সমতায় বাংলাদেশ
বুধবার, ৩ জুন, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে কঠিন লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এক গোলে পিছিয়ে পড়ার পর বিরতির ঠিক আগে ঋতুপর্ণা চাকমার অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই কিছুটা এলোমেলো ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির নেওয়া কর্নার কিক থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন গীতা রানি।
গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে পরের মিনিটেই সহজ একটি সুযোগ নষ্ট করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। এরপর ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করা থেকে অল্পের জন্য রক্ষা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের প্রীতি রাজের দূরপাল্লার শক্তিশালী শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।
প্রথমার্ধের শেষদিকে গোলের খোঁজে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণের ফল আসে বিরতির ঠিক আগে। কর্নার কিক থেকে দারুণ বাঁকানো শটে নেপালের জালে বল জড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তার দর্শনীয় গোলে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
উল্লেখ্য, গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে নেপাল। অন্যদিকে বাংলাদেশ মালদ্বীপকে ৪-২ গোলে হারালেও ভারতের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়ে গ্রুপ রানারআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয়।
এখন দ্বিতীয়ার্ধের লড়াইয়ে জয়ী দলই নিশ্চিত করবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট।
১৬৯ বার পড়া হয়েছে