কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন
বুধবার, ৩ জুন, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের দুটি টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘সর্বস্তরের মানুষ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের ১০৪ জন ও ৮ জন জনবল নিয়োগসংক্রান্ত আউটসোর্সিং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তারা এসব টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বরে প্রবেশ করে পরিচালকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
১৭২ বার পড়া হয়েছে