জয়পুরহাটে ব্যতিক্রমধর্মী চাকরি মেলা, তাৎক্ষণিক চাকরি পেল ৩২০ জন
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী চাকরি মেলায় অংশ নিয়ে ৩২০ জন চাকরিপ্রার্থী তরুণ-তরুণী তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’ এ মেলার আয়োজন করে।
জয়পুরহাট শহরে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই চাকরি মেলায় প্রাথমিক বাছাই ও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৩২০ জন তরুণ-তরুণী তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার শহরের মাদ্রাসা পাড়া এলাকায় বেসরকারি সংস্থা ‘এসো’র প্রধান কার্যালয় চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রায় ১ হাজার ৬০০ চাকরিপ্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে বিভিন্ন পর্যায়ের বাছাই ও সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। নির্বাচিতদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
চাকরি মেলায় বেসরকারি খাতের ২১টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন, মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন কারিগরি ও সেবামূলক খাতে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। পরে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং ‘এসো’র উপনির্বাহী পরিচালক আতাউর রহমান।
বক্তারা বলেন, এ ধরনের চাকরি মেলা নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিয়োগ কার্যক্রমের পাশাপাশি মেলায় চাকরিপ্রার্থীদের জন্য সিভি হালনাগাদ, চাকরির প্রস্তুতি এবং ক্যারিয়ার উন্নয়নবিষয়ক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
১১৮ বার পড়া হয়েছে