গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কড়া নিরাপত্তা: নামল সেনাবাহিনী, গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা চরম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার জেলা শহর ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর রেশ ধরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে সার্বক্ষণিক টহল দিচ্ছে পুলিশ ও অন্যান্য বাহিনী।
সোমবার রাতে দুই কর্মকর্তাসহ ১৭১ জন সেনা সদস্য গোপালগঞ্জে এসে পৌঁছান। দুপুরের পর থেকে তাদের জেলাজুড়ে নিয়মিত টহল দিতে দেখা যায়। প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কঠোরভাবে কাজ করছে সেনাবাহিনী।
এদিকে, কঠোর নিরাপত্তার মাঝেও শহরের পার্শ্ববর্তী একটি গ্রামীণ সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সংক্ষিপ্ত মিছিল বের করে কেক কাটেন। এই কর্মসূচির একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর বিশেষ অভিযান চালিয়ে পুলিশ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব মুন্সিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
কড়া নিরাপত্তার মধ্যে গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ দৈনন্দিন কাজ করছেন এবং যানবাহন চলাচলও সচল রয়েছে। স্থানীয় রিকশাচালক হোমায়েত উদ্দিন জানান, সকাল থেকে কোনো সমস্যা ছাড়া তারা রাস্তায় বের হতে পেরেছেন এবং সেনা মোতায়েনের কারণে সাধারণ মানুষ স্বস্তি বোধ করছেন।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা চালানো হলে তা কঠোর হাতে দমন করা হবে। জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং জেলাজুড়ে নিশ্ছিদ্র নজরদারি অব্যাহত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে