শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির ২ প্লাটুন মোতায়েন
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোররাত থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি সদস্যরা।
শেরপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার ভোররাত থেকেই জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল কার্যক্রম শুরু করেন।
জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান, শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা, নকলা পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে বিজিবির সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত টহল ও নিরাপত্তা তদারকির দায়িত্ব পালন করছেন।
শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শেরপুরসহ দেশের পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে।
১২২ বার পড়া হয়েছে