টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ, নমুনা পরীক্ষাগারে
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর অবস্থায় থাকা দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। এর কিছুক্ষণ পর একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পরে দ্রুত তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ২৯ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, টিউবওয়েলের পানি পান করার পরপরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির উৎসে কোনো দূষণ বা ক্ষতিকর উপাদান থাকতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহমেদ বলেন, ঘটনাটি উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন জানান, টিউবওয়েলের পানিতে কোনো ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়েছে কি না, তা নিশ্চিত হতে পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
১২০ বার পড়া হয়েছে