মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, আন্দোলনের হুঁশিয়ারি
বুধবার, ৩ জুন, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার বারঘরিয়া ব্রিজ চত্বরে (পায়রা চত্বরের পাদদেশে) জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ১৯৯৪ সালের ২৩ জুন উদ্বোধনের পর থেকে জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে দীর্ঘদিন ধরে সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামাঙ্কিত এই সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। তাই জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। জেলার অর্থনৈতিক উন্নয়ন এবং নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সেতুটি টোলমুক্ত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— অবিলম্বে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করা, জেলার মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, সেতুর নতুন ইজারার দরপত্র বিক্রি ও ক্রয় কার্যক্রম স্থগিত রাখা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আশা প্রকাশ করেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রাক মালিক গ্রুপ সমিতির সভাপতি মো. তরিকুল আলম মোল্লা, শাহনিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিক, ছাত্র জনতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মো. নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ, নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির এবং চাঁপাইনবাবগঞ্জ সিএনজি সমিতির সভাপতি মো. আসগর আলী।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৪ বার পড়া হয়েছে