সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ১ জুন, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিএনপির স্থানীয় পর্যায়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতানের বিরুদ্ধে সমাবেশে আপত্তিকর ও অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

রোববার বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সদস্যসচিব শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম এবং চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জানবার হোসেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম অভিযোগ করেন, টিপু সুলতানের বক্তব্য পরিকল্পিত ছিল এবং তা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, বিএনপির ভেতরে বিভক্তি বা গ্রুপিং সৃষ্টি হলে নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি দলের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক প্রার্থীদের উদ্দেশে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই নির্বাচনের মূল শক্তি। তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে রাজনৈতিক সাফল্য বাধাগ্রস্ত হবে।

অধ্যাপক শহীদুল ইসলাম আরও অভিযোগ করেন, টিপু সুলতানের বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং তিনি নিরাপত্তাজনিত শঙ্কার মধ্যেও আছেন বলে দাবি করেন।

অন্যদিকে, এর আগে শনিবার মিরপুর উপজেলা বিএনপির আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় টিপু সুলতান বক্তব্য দেন। সেখানে তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পরাজয়ের পেছনে দলের ভেতরের কিছু নেতার ভূমিকা ছিল এবং ভোট কেনাবেচার অভিযোগও তোলেন। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ এ ধরনের বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে দলের সাংগঠনিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন