পাশাপাশি কবরে শায়িত হলো পঞ্চগড়ে ডুবে মরা ২ ভাইবোন
সোমবার, ১ জুন, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার কেকুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে ও মেয়ে। তারা স্থানীয় একটি মাদরাসার মক্তবে পড়াশোনা করত।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, দুই শিশুর মা আছিয়া খাতুন দিনমজুর হিসেবে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে তিনি কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রাতের দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুকুরে নেমে আরও অনুসন্ধান চালিয়ে পুকুরের তলদেশ থেকে সাথীর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ের একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে দুই ভাইবোন অসাবধানতাবশত পানিতে পড়ে যেতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চাকলাহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, শিশু দুটির বাবা আগেই মারা গেছেন। তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। এ দুর্ঘটনায় তিনি গভীর শোকে ভেঙে পড়েছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে দুই ভাইবোনকে পাশাপাশি দাফন করা হয়।
১৬৫ বার পড়া হয়েছে